কাশ্মীরসহ সারা বিশ্বে মুসলমানদের ওপর জুলুম, নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশন এবং কওমী উলামা পরিষদের আয়োজনে মঙ্গলবার বিকেলে শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদের সামনে থেকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়।
আসরের নামাজ শেষে মুসল্লিরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদপুর কওমী উলামা পরিষদের সভাপতি মুফতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ হোসেন ফায়েক, ফরিদপুর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, ইমাম কল্যাণ ফাউন্ডেশন এবং ওলামা পরিষদের নেতা মাওলানা আল্লামা হিলাল উদ্দিন, মাওলানা আমজাদ হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সারা বিশ্বে আজ মুসলমানদের ওপর অন্যায় ভাবে নির্যাতন চলছে, এই অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। বক্তারা জাতিসংঘের প্রতি মুসলমানদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।