কাশ্মীর নিয়ে চীন-পাকিস্তানের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান ভারতের

কাশ্মীরে ভারতের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে যৌথ বিবৃতি দিয়েছে চীন ও পাকিস্তান। তবে এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র ইসলামাবাদ সফরের পর জম্মু ও কাশ্মীর ইস্যুতে যৌথ বিবৃতি দেয় চীন ও পাকিস্তান।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলাকালে শনিবার ওয়াং পাকিস্তান সফর করেন।

পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ককে ‘অত্যন্ত দৃঢ় ও অবিচ্ছেদ্য’ উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন।

যৌথ বিবৃতিতে বলা হয়, কাশ্মীর ইস্যুটি ‘ঐতিহাসিকভাবে বিরোধপূর্ণ’ এবং জাতিসংঘের শর্ত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী এর যথাযথ ও শান্তিপূর্ণ সমাধান করা উচিত।

এতে আরও বলা হয়, ‘চীন পরিস্থিতি জটিল করে তোলে এমন যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধী।’

তবে এ বিবৃতি প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফরের পর কাশ্মীর ইস্যুতে চীন ও পাকিস্তানের দেওয়া যৌথ বিবৃতি আমরা প্রত্যাখ্যান করছি।’

পাকিস্তান ১৯৪৭ সাল থেকে অবৈধভাবে ভূখণ্ডটি দখল করে রেখেছে দাবি করে তিনি আরও বলেন, ‘জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।’