মোহাম্মদ নবীর চাওয়াটাই পূরণ হলো। সোমবার চট্টগ্রামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে হারানোর পর ফুটবলেও জয় চেয়েছিলেন তিনি। মঙ্গলবার তাজিকিস্তানের দুশানবেতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ দল। ম্যাচটিতে ১-০ গোলে হেরে গেছে জেমি ডের দল।
নিরপেক্ষ ভেন্যু দুশানবের সেন্ট্রাল রিপাবলিকান স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছিল খেলা। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ারা। টার্ফের মাঠে আফগানদের গতি আর স্কিলের সঙ্গে পেরে ওঠেনি জেমি ডের শিষ্যরা। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের কিছুটা ভালো খেললেও পারেনি গোল পরিশোধ করতে। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
এমনিতে ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। ঠিক ৩৩ ধাপ। বাংলাদেশ যেখানে ১৮২তম স্থানে, আফগানদের অবস্থান সেখানে ১৪৯তম। এই অ্যাওয়ে ম্যাচটি থেকে তাই ন্যূনতম এক পয়েন্ট পাওয়াটাই হতো বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি।
কাজটা কঠিন হলেও বাংলাদেশ দল লড়াই করার প্রত্যয় নিয়েই মাঠে নামে। তবে প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া আফগানিস্তান বাংলাদেশকে সেভাবে সুযোগই দেয়নি ম্যাচে।
খেলার ২৮ মিনিটেই গোল আদায় করে নেয় আফগানরা। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন ফারশাদ নুর। বাংলাদেশ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ঝাঁপিয়ে ছিলেন ঠিকই। কিন্তু তার গ্লাভসে ছোঁয়া দিয়ে বল ঠিকই জালে ঢুকে।
দুশানবের স্টেডিয়ামে গ্যালারির সমর্থনও ছিল আফগানদের পক্ষে। দেশটির লম্বা দেহী ফুটবলরা দর্শকদের হতাশও করেনি। বাংলাদেশ বরং আরো বেশি গোল হজম করতে পারত। পোস্টের নিচে যদি না প্রাচীর হয়ে দাঁড়াতেন আশরাফুল ইসলাম রানা।
অবশ্য সুযোগ হাতছাড়া হওয়ার কষ্টও রয়েছে। ৬৩ মিনিটে টুটুল হোসেন বাদশা যেমন ঠিকঠাক হেড নিতে পারেননি। আক্রমণভাগে নবীব নেওয়াজ জীবন, সাদ উদ্দিনরা সেভাবে আফগান ডিফেন্ডারদের সাথে পেরে ওঠেনি। ফলে আফগানদের বিপক্ষে টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
এই ম্যাচের আগে বাংলাদেশ সর্বশেষ আফগানদের বিপক্ষে খেলেছিল ২০১৫ সালে কেরালা সাফে। সেই ম্যাচে ৪-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
সব মিলে এখন দুই দলের পরিসংখ্যানটা এমন- ৭ বারের দেখায় ২টিতে জয় আফগানদের। বাংলাদেশের জয় ১টি। ড্র ৪ ম্যাচে। আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি ১৯৭৯ সালে। ঢাকার মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে সেবার ৪-১ গোলে জিতেছিল বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে কাতারের বিপক্ষে। হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আর আফগানিস্তানের বিপক্ষে হোম ম্যাচটি আগামী বছর ২৬ মার্চ।