ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানদের হারের পর দিনই ফুটবলে একই দেশের বিপক্ষে হেরেছে জামাল ভূঁইয়ারা। কাকতালীয় হলেও যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার পথে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেই আফগানিস্তানকে। অর্থাৎ এবার অপেক্ষা করছে আরেকটি বাংলাদেশ-আফগানিস্তান ক্রীড়া লড়াই।
সোমবার সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ২২৪ রানে হেরেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের নবীনতম দেশটির বিপক্ষে যে হার কলঙ্ক হয়েই এসেছে দেশের ক্রিকেটে। এরপর মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যে ম্যাচে ০-১ গোল হেরে যায় জামাল ভূঁইয়ারা।
আফগানিস্তানের সঙ্গে সামনে ত্রিদেশীয় সিরিজে যে আবার দেখা হচ্ছে বাংলাদেশের সেটি জানাই ছিল সবার। কিন্তু জানা ছিল না যুব এশিয়া কাপের ভাগ্য। যেখানে ‘বি’ গ্রুপে সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। ফলে ‘এ’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তানকে পেয়েছে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে।
যুব এশিয়া কাপে বাংলাদেশ-আফগানিস্তান সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। যে ম্যাচে হারলে ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙবে বাংলাদেশের।
সাকিব-জামালরা পারেনি আফগানিস্তানকে হারাতে। আকবর-হৃদয়রা পারবে তো? বাংলাদেশের দর্শকেরা তাকিয়ে থাকবে তাদের দিকে।