সোনারগাঁ উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হৃদয় ওরফে গিট্টু হৃদয় (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মৃধাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হৃদয় উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁ, বন্দর ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার, একটি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, ৫০০ ইয়াবা, ১টি চাপাতি ও ৪টি বগিদা উদ্ধার করেছে র্যাব।
এ সময় তিনজনকে আটক করা হয়েছে। এরা হলেন- প্রাইভেটকারের ড্রাইভার (নাম জানা যায়নি), হৃদয়ের সহযোগী জহিরুল ইসলাম ডলার ও সেলিম।
র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় একটি প্রাইভেটকারকে থামার জন্য সিগন্যাল দিলে সেটি না থামিয়ে গাড়ির জানালা খুলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
এতে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় মাদক ব্যবসায়ীদের গাড়িটি থামিয়ে র্যাব সদস্যদের সঙ্গে ৫ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী গিট্টু হৃদয় নিহত হন।
তিনি আরও জানান, এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় র্যাবের দুইজন সদস্যও আহত হন। গাড়িটি জব্দ করা হয়েছে এবং সেখান থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৫০০ ইয়াবা, ১টি চাপাতি ও ৪টি বগিদা উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, হৃদয় সোনারগাঁ থানার মাদকের তালিকাভুক্ত ১নং আসামি ছিলেন। তাকে ধরার জন্য পুলিশি অভিযান জোরদার করা হলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। বন্দুকযুদ্ধে নিহতের পর তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।