আইলা বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনির কোদন্ডা গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী সুতপার গানের প্রতিভা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনলাইনে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে সুতপার গানের ভিডিও প্রচারিত হওয়ার পর সারা দেশেই সে পরিচিত হয়ে ওঠে অল্প কয়েক দিনের মধ্যে।
মৃণাল মণ্ডল ও সুমনা মণ্ডলের মেয়ে সুতপার গানের প্রতিভার কথা তো সকলেই জানে, সে শিক্ষার্থী হিসেবেও ভালো। কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ফার্স্ট গার্ল। এই স্কুলেরই সহকারী শিক্ষক রঞ্জন কুমার সরদার প্রিয় শিক্ষার্থীর গান ভিডিও করে ফেসবুকে ছাড়লে তা দেশজুড়ে আলোড়ন তোলে।
শিক্ষক রঞ্জন কুমার সরদার বলেন, গল্পটা খুব সাদামাঠা, কিন্তু তা ছিল লুকানো। ক্লাস সেভেনের সব থেকে সেরা মেয়েটা (রোল ১) টিফিনের ফাঁকে বন্ধুদের গান শোনায়, স্যারদের গান শোনায়। স্কুলের সব অনুষ্ঠানে গান গায়। অবিকল লতার মতো গলা নিয়ে প্রতিভাবান মেয়েটা শুধু এলাকায় অবহেলায় পড়ে থাকবে, এই চিন্তা থেকেই সুতপার দু’তিনটি গান ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করি। ব্যাস দেশ দেশান্তরের মানুষ শুনতে শুনতে ভাইরাল করে দিল সুতপার গানের ভিডিও। এখন সুতপার বাড়িতে প্রতিদিন টিভি পত্রপত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা ভিড় জমাচ্ছে। ভিড় জমাচ্ছে তার এখনই গড়ে ওঠা বিশাল ভক্তকুল। স্কুলের বন্ধুরাও তার কণ্ঠের চূড়ান্ত ভক্ত।
সুতপার মা সুমনা মণ্ডল বলেন, ক্লাস ওয়ান থেকে মাদ্রাসা শিক্ষক মৃণাল মণ্ডল ও এলাকার সাধারণ গানের শিক্ষক আব্দুল মান্নানের কাছে সুর-তাল-লয়ের তালিম নেয় সুতপা। পেশাদার শিল্পী হওয়ার আগেই স্কুল জীবনেই সুতপা দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠায় তার মা অনেক খুশি।
সুতপার বাবা মৃণাল মণ্ডল বলেন, কোন তাড়াহুড়ো না আমার চাওয়া মেয়ে ধীরে ধীরে তার মূল গন্তব্যে এগিয়ে যাক।
সুতপার স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল চান প্রতিভাবান এ শিল্পীকে সঠিক পরিচর্যায় গড়ে তুলতে সঠিক মাধ্যমের ব্যক্তিরা এগিয়ে আসুক।
ইন্টারনেটে ভাইরাল হওয়া সাতক্ষীরার প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের মেয়ে সুতপা মণ্ডল গান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে চায়। প্রত্যাশা দেশের মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে অনেক বড় শিল্পী হওয়া।