নীলফামারীতে অপহরণ মামলায় রণচণ্ডী ইউপি চেয়ারম্যান কারাগারে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বিমানকে এক গৃহবধূ অপহরণ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ ইউপি চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান বিমান ওই মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন। জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মো. মাহাবুর রহমান তার জামিন নাকচ করে কারাগারে পাঠান’।

উল্লেখ্য, গত ৫ জুলাই কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর গ্রামের মো. মোমিদুল ইসলামের মেয়ে চাঁদনি ওরফে মোসলেমাকে (২১) সৈয়দপুর থেকে অপহরণ করেন তার কথিত প্রেমিক একই উপজেলার নিজামের চৌপথী গ্রামের রওশন হাবিব বাবু।

এ ঘটনায় চাঁদনির বাবা মোমিদুল ইসলাম বাদী হয়ে গত ১১ জুলাই সৈয়দপুর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ রংপুর থেকে চাঁদনিকে উদ্ধার এবং কিশোরগঞ্জ উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানকে আটক করেন।

মামলার প্রধান আসামি রওশন হাবিব বাবু পালিয়ে যায়। ওই অপহরণ ঘটনায় সহযোগিতার অভিযোগে রণচণ্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকেও আসামি করা হয় মামলায়।