অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু গৃহবন্দি

ভারতের অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে স্থানীয় সরকার গৃহবন্দি করে রেখেছে বলে জানিয়েছে এনডিটিভি। নাইডুর তেলেগু দেশম পার্টির একাধিক নেতাকেও গৃহবন্দি করে রাখা হয়েছে।

প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে যেন অংশ নিতে না পারে সেজন্যই তাদের বন্দি করে রাখা হয়েছে।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির বিরুদ্ধে হিংসার রাজনীতি এবং বিরোধীদের ভয় দেখানোর মতো অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু। সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদের পরিকল্পনা ছিল তেলেগু দেশম পার্টির। আর সেই পরিকল্পনা ভেস্তে দিতেই চন্দ্রবাবু নাইডু ও তার ছেলেসহ বেশ কয়েকজন টিডিপি নেতাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাইডুর দলের নেতারা অভিযোগ করেছেন, সরকারপক্ষের হিংসার রাজনীতির বলি হয়েছেন কমপক্ষে ৮ নেতা। তাদের দলের অন্য নেতাকর্মীদেরও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।’