দিনে দুপুরে মারধর করে চাঁদা দাবি, দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী জেলা শহরে থানার কাছ থেকে এক ব্যক্তিকে প্রকাশ্যে ধরে নিয়ে হোটেলে আটকে মারধর করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুই যুবলীগ নেতার বিরুদ্ধে। জনতার হাতে আটক যুবলীগ নেতা মেহেদী হাসান শাওন (৩২) আনোয়ার হোসেন হৃদয়কে (২৩) কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সুধারাম থানার (সদর) পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার শিকার হাতিয়া থানার ২নং চানন্দী ইউনিয়নের নলেরচরের মো. আবু জাফর এ বিষয়ে মামলা করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার বাজারে কেনাকাটা করার জন্য জেলা সদর মাইজদীতে আসলে জাফরকে থানা থেকে ২০০ গজ দক্ষিণে মোহাম্মদিয়া হোটেলের সামনে প্রধান সড়কের উপর শাওন ও হৃদয়সহ অজ্ঞাতনামা ৩/৪ যুবক তাকে ঘিরে ধরে এবং তার নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে রাজি না হওয়ায় যুবকরা তাকে এলোপাতাড়ি মারধর করে টানা হেঁচড়া করে রাস্তার অপর পার্শ্বে রূপসী বাংলা হোটেলে নিয়ে আটকে রাখে। একপর্যায়ে জাফরের চিৎকারে লোকজন জড়ো হয়ে শাওন ও হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আটককৃত শাওন ও হৃদয় নিজেদের সদর পূর্বাঞ্চলের যুবলীগের সদস্য বলে দাবি করেন।

এ ব্যাপারে অনেক নাটকীয়তার পর রাত ১২.৩০ টায় সুধারাম থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবদুস শুক্কুর জানায়, আসামিদের ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।