স্যানিটারি মিস্ত্রি সেজে চুরি

গুলশান থেকে গ্রেপ্তার দুই, ১০ ভরি সোনা উদ্ধার

রাজধানীর গুলশান থেকে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা ১০ ভরি স্বর্ণালঙ্কার। তারা স্যানিটারি মিস্ত্রি হিসেবে বাসায় এসে চুরি করে। গ্রেপ্তার দুজন হলো স্যানিটারি মিস্ত্রি আবদুস সালাম (৩০) ও তার সহযোগী মো. পলাশ (২২)। 

গুলশান থানার ওসি এস এম কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, গত সোমবার গুলশানের নিকেতন এলাকার বাসিন্দা পম্পি মজুমদার থানায় অভিযোগ করেন যে, তিনি গত ২৩ আগস্ট তার বাবা-মায়ের সঙ্গে বাসায় তালা দিয়ে গ্রামের বাড়ি ফেনী যান। গত ২৬ আগস্ট বাসার মালিক তার বাবাকে ফোন করে জানান যে, বাসার গিজারের পাইপ ফেটে পানি লিক করেছে। তিনি স্যানিটারি মিস্ত্রি এনে পাইপ ঠিক করার অনুমতি চান। তখন পম্পির বাবা বাড়ির মালিককে উপস্থিত থেকে পাইপ ঠিক করার অনুমতি দেন। অনুমতি পেয়ে বাড়ির মালিক ওই স্যানিটারি মিস্ত্রি সালামকে এনে পাইপ ঠিক করে দেন। ৭ সেপ্টেম্বর রাতে পম্পি মজুমদার ও তার মা-বাবা গ্রামের বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরে আসেন। বাসায় এসে দেখেন যে, বাসার ফলস সিলিং আটকানো কাচের লাইট কভারের ভেতরে গচ্ছিত ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।