মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের পাড়ে উদ্ধার গুলিবিদ্ধ লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাগর ফকির (৩০)। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫ মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সদরের মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদীর পাড় থেকে সাগরের লাশ উদ্ধার করা হয়। নিহত সাগর শহরের দরগাখোলা এলাকার কালাম ফকিরের ছেলে।
পুলিশ জানায়, সকালে মহিষেরচর এলাকার আড়িয়াল খাঁ নদের পাড়ে গুলিবিদ্ধ অবস্থায় সাগরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান উদ্ধার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা জানান, নিহত সাগরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৫টিরও বেশি মামলা রয়েছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে- ছিনতাইয়ের মালামাল ভাগাভাগি করতে গিয়ে তাদের দুই পক্ষের মধ্যেই এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তাছাড়া আমরা বেশ কিছুদিন ধরে তাকে ধরার জন্য চেষ্টা করছিলাম।