পশ্চিমবেঙ্গর রাজনীতিতে নায়িকা দেবশ্রী রায়কে নিয়ে কাহিনি কম হলো না। দিল্লিতে বিজেপির সদর দপ্তর ঘুরে আসার পর থেকে জনসমক্ষেই আসতে চাইছিলেন না তিনি। হঠাৎ বুধবার বিধানসভায় দেখা দিলেন পশ্চিমবঙ্গের রায় দিঘির এই বিধায়ক। যোগ দিলেন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। গল্প করলেন তৃণমূল বিধায়কদের সঙ্গেও।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তথ্য সংস্কৃতি ও স্বাধিকার (প্রিভিলেজ) কমিটির সদস্য দেবশ্রী। ওই দুটি কমিটির বৈঠকে যোগ দিতে বুধবার বিধানসভায় হাজির হন তিনি। অথচ সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে একদিনও দেখা যায়নি দেবশ্রীকে।
১৪ আগস্ট দিল্লিতে বিজেপির সদর দপ্তরে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগদানের দিনই ঘটনাক্রমে নাটকীয় প্রবেশ ঘটে দেবশ্রীর। তাকে দেখেই তীব্র আপত্তি জানান এক সময়ের ‘বন্ধু’ শোভন।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শোভন বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে জানান, দেবশ্রী রায় যেদিন যোগ দেবেন, সেদিনই তার বিজেপিতে শেষ দিন হবে। সেদিন আর দেবশ্রীর বিজেপিতে যোগদান সম্ভব হয়নি।
এর মধ্যেই একদিন রাত ১০টা নাগাদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে হাজির হন দেবশ্রী৷ যদিও দিলীপ তখন বাড়িতে ছিলেন না। ওই বাড়ির সামনে বেশ কিছুক্ষণ গাড়িতেই অপেক্ষা করে এলাকা ত্যাগ করেন নায়িকা।
এদিকে সদর দপ্তর ঘুরে গিয়েও ফের তৃণমূলে থেকে যাওয়া দেবশ্রী প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘বিজেপি সদর দপ্তর এখন রাজনৈতিক পর্যটনের জায়গা। অনেকেই আসেন। ভবিষ্যতে আরও অনেকে আসবেন।”