রাজধানীর উত্তরার বাসায় তানিয়া ইশরাত (৪৩) নামে এক নারী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী।
বুধবার রাত ৮টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বরে ৬তলা বাড়ির দোতলায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
প্রথমে তাকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান তিনি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমান বন্দর জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল করিম জানান, এর সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই। ওই নারী এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিল।
তার ভাষ্য, বুধবার রাতে কেরোসিন ঢেলে আত্মহত্যা করার সময় বাসায় নিহতের মা, স্বামী, ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিল।
অবশ্য এর আগে উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেছিলেন, ‘তানিয়া ইশরাত সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন বলে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
ময়না তদন্তকারী চিকিৎসক ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘নিহতের মাথা থেকে পা পর্যন্ত পোড়া ছিল। আগুনে পোড়ার কারণেই তার মৃত্যু হয়েছে।’
নিহতের ছোট ভাই আরমান হোসেন ও মা সুফিয়া ইশরাতের বরাত দিয়ে সুরতহালে বলা হয়েছে, ‘তানিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বহুবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন।’
মৃত্যুর বিষয়ে স্বামী মোহাম্মদ ইউসুফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ ইউসুফ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।