হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ওপর নজর রেখেছে মহারাষ্ট্র পুলিশ। নতুন ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার প্রকাশ হতেই বিষয়টি জানা গেল। ভয়ংকর একটি পরিকল্পনা করে হাতেনাতে ধরা পড়েন নায়িকার ও তার সহশিল্পী।
প্রিয়াঙ্কার বলিউড কামব্যাক ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ট্রেলার উন্মুক্ত হয়েছে মঙ্গলবার। যেখানে দেখানো হয়েছে ফারহান-প্রিয়াঙ্কা দম্পতির মেয়ে আয়েশা (জায়রা ওয়াসিম) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত।
ট্রেলারে ফারহানকে বলতে দেখা গেছে, “একবার আয়েশা ঠিক হো জায়ে, ফির সাত মে ব্যাংক লুটেঙ্গে।” আর এই সংলাপে নজরে পড়েছে মহারাষ্ট্র পুলিশের। এরপর টুইটারে মনে করিয়ে দেওয়া হয়- ব্যাংক ডাকাতির ফল কী হতে পারে। পুলিশের পক্ষ থেকে লেখা হয়, “ভারতীর দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল।”
রিটুইট করে জবাবে প্রিয়াঙ্কা লেখেন, “এবেবারে হাতে নাতে ধরা পড়ে গেলাম। প্ল্যান বি সক্রিয় করার সময় এসেছে ফারহান।” উত্তরে ‘রক অন’ অভিনেতা লেখেন, “ক্যামেরার সামনে আর কখনো এমন পরিকল্পনা করবো না।”
সিনেমাটিতে বাবা-মায়ের ২৫ বছরের প্রেমের সম্পর্ক এবং তাদের জীবনের টানাপোড়েনকে সুন্দরভাবে তুলে ধরেছেন কিশোরী কন্যা। সেই চরিত্রে আছেন সদ্য বলিউডকে বিদায় জানানো জায়রা।
১১ অক্টোবর মুক্তি পাবে সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এর আগে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে হয়ে গেল প্রিমিয়ার।