বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার তবাড়িপাড়া এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

রায়গঞ্জের ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ আহসান হাবিব জানান, ঢাকা থেকে বগুড়াগামী একতা পরিবহনের একটি বাস তবাড়িপাড়া এলাকায় ট্রাককে অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আবদুর রশিদের ছেলে আনোয়ার হোসের (৩৫) ও একই উপজেলার আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২) নিহত হন। আহত ১০ জনকে রায়গঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনার পর নগরবাড়ী-বগুড়া মহাসড়কে আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।