বাংলাদেশ বলেই আশা দেখছেন মাসাকাদজা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের চেয়ে নিজেদের পিছিয়ে রাখতে চান না জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে জিম্বাবুয়ে। তার আগে দলটির অধিনায়ক দিলেন লড়াইয়ের বার্তা।

কিছুদিন আগেই জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছে আইসিসি। নানা অস্থিতিশীলতা দেশটির ক্রিকেটে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও এখন তারা আছে ১৪তম স্থানে। বাংলাদেশ ১০ম আর আফগানিস্তান আছে সপ্তম স্থানে। এই সিরিজে তাই জিম্বাবুয়ে যে অন্য দুই প্রতিপক্ষের থেকে পিছিয়ে সেটি বলাই যায়।

কিন্তু মাসাকাদজা বলছেন ভিন্ন কথা। অভিজ্ঞ এই ক্রিকেটার প্রতিপক্ষকে সম্মান দিচ্ছেন ঠিক। কিন্তু খেলাটা যে বাংলাদেশে সেটি স্মরণ করিয়ে দিলেন তিনি, ‘প্রতিপক্ষ দুই দলই শক্তিশালী। টি-টোয়েন্টিতে আফগানিস্তান খুব ভালো করছে। বাংলাদেশ তো দেশের মাটিতে খেলবে। তবে এখানে টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সাফল্য আছে বেশ। বাংলাদেশে টি-টোয়েন্টিতে আমরা ভালো করেছি। আর এখানে খেলতে আমরা অভ্যস্ত, কন্ডিশনটা ভালোই চেনা আছে আমাদের। আমার মনে হয় না, তাদের চেয়ে আমরা খুব পিছিয়ে আছি।’

মাসাকাদজা এমন দাবি করতেই পারেন। বাংলাদেশ তো এক অর্থে তাদের সেকেন্ড হোমই। এক সময় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়মিত আয়োজিত হতো বাংলাদেশে। এ দেশের ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত খেলে থাকেন দেশটির অনেক তারকা।

তা ছাড়া খেলাটা টি-টোয়েন্টি। তাই দলগুলোর মধ্যে ব্যবধানও কমে যায় এই ফরম্যাটে। মাসাকাদজা প্রচলিত সেই কথাটা মনে করিয়ে দিলেন, ‘সংক্ষিপ্ত সংস্করণে দলগুলি কাছাকাছিই থাকে। টি-টোয়েন্টিতে একজন দাঁড়িয়ে গেলেই খেলার ভাগ্য গড়ে দিতে পারে। বড় দৈর্ঘ্যের ম্যাচে অন্তত ২-৩ জন লাগে। টি-টোয়েন্টিতে একজনই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’

বাংলাদেশে এই সিরিজ শেষেই অবসরে যাবেন মাসাকাদজা। ত্রিদেশীয় সিরিজটি তাই স্মরণীয় করে রাখতে চান তিনি।