সামিনা জানালেন অ্যান্ড্রু কিশোরের ১০ লাখ টাকা নেওয়ার নেপথ্যের ঘটনা

অসুস্থ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। কিন্তু চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ১০ লাখ টাকার অর্থ সহায়তা পান। অ্যান্ড্রু কিশোরের মতো একজন জনপ্রিয় শিল্পীর অর্থ সহায়তা নেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

এদিকে অ্যান্ড্রু কিশোরের অর্থ সহায়তা নেওয়ার নেপথ্যের গল্প জানালেন আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি মূল ঘটনাটি তুলে ধরেন। সামিনা চৌধুরীর স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘‘বরেণ্য কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর (‘দা) কে ডাকা হয়েছিল একটা প্রোগ্রামের ব্যাপারে আলাপ করার জন্য। অ্যান্ড্রু ‘দা মাসখানেক ধরে হরমোনের সমস্যায় ভুগছেন এটা ওনার ছোটবেলা থেকেই সমস্যা। এ কারণে ওজন একটু কমে গিয়েছে, স্ক্রিন কালার একটু চেঞ্জ হয়েছে..।এটা জিজ্ঞেস করার পর এবং জানবার পর প্রধানমন্ত্রী নিজে থেকে দাদাকে দশ লাখ টাকা পরিমাণ অর্থের একটি চেক দিয়েছেন। অ্যান্ড্রু ‘দা নিতে না চাইলে মাননীয় প্রধানমন্ত্রী তাকে বলেন যে চেকটি তিনি বড়বোন হিসেবে দিতে চাইছেন..। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি নিজে থেকে কাউকে কিছু দিতে চান সেটা উপেক্ষা করা তাকে অসম্মান করা বৈ কি! আমি যতটুকু জেনেছি, টাকার ব্যাপারটা এটুকুই।

মোমেন বিশ্বাসের কাছ থেকে আমি পুরো ঘটনাটি জানতে পারি। আমরা অনেক কষ্টে একজন ক’রে ক্ষণজণ্মা মৌলিক কণ্ঠশিল্পী পাই। তাকে ভালোবাসা দিয়ে মনে সাহস দিয়ে বাঁচতে এবং গান গেয়ে যেতে সাহায্য করা যে আমাদের এবং আমাদেরই দায়িত্ব। দশ লাখ টাকার জন্য যে অ্যান্ড্রু দা’র মতো শিল্পী কারও কাছেই টাকা চাইবেন না এ ব্যাপারে অন্তত আমি নিশ্চিত। আমি তার স্নেহধন্য ছোট বোন, সব সময় তাদের স্নেহের ছায়ায় আছি, থাকতে চাই আজীবন। আল্লাহর ইচ্ছায় আমরা সবাই এখন প্রিয় শিল্পী অ্যান্ড্রু কিশোরের জন্য প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে ফেরেন। যেন খুশি মনে গেয়ে ওঠেন, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি....এই চোখ দু’টো মাটি খেয়োনা...।’’