টেস্ট ক্রিকেট থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। মোহাম্মদ আমিরের পর ওয়াহাব রিয়াজ টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন বলে কিছুদিন আগেই খবর প্রকাশ হয়েছিল। ওয়াহাব নিজেই জানিয়েছিলেন সেই ভাবনা।
তবে এবার অবসর শব্দটা ব্যবহার না করে বিরতি শব্দটা ব্যবহার করলেন ওয়াহাব। টুইটারে টেস্ট ক্রিকেট থেকে বিরতির কথা জানান তিনি। ৩৪ বছর বয়সী লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং পরিবার ও বোর্ডের সঙ্গে আলোচনার পর আমি লাল বলের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের জন্য সাদা সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার এবং নিজের ফিটনেস ধরে রাখতে চাই।’
এ বছর কোনো ফার্স্ট ক্লাব ম্যাচ খেলেননি ওয়াহাব। সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের অক্টোবরে। ২০১০ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ২৭টি টেস্ট খেলেছেন তিনি। ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট তার দখলে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিত সর্বশেষ ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সবগুলো ম্যাচই খেলেছেন ওয়াহাব। এখন আগামী বছর ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাই যে তার লক্ষ্য সেটি বলাই যায়। যদিও সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি দুই বছর আগে।