ওভালে অ্যাশেজের শেষ টেস্টেও দাপুটে শুরু পেয়েছে অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিনে আলো কেড়েছেন অস্ট্রেলিয়ান বোলাররা। প্যাট কামিন্স, জস হ্যাজলউডের সঙ্গে যেখানে চমক দেখিয়েছেন মিচেল মার্শ। আর অন্যদের ব্যর্থতার মাঝে দলকে কিছুটা টেনেছেন জস বাটলার। তার ব্যাটেই বৃহস্পতিবার ৮ উইকেট ২৭১ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড।
টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে এখন ২-১ এ এগিয়ে অস্ট্রেলিয়া। ওভালে ইংল্যান্ড জিতলেও সিরিজ হবে ২-২। আগের অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে ইংল্যান্ডের মাটি থেকে ছাইদানি নিয়ে ফেরা এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলটির।
তবে সিরিজ জিতেই অস্ট্রেলিয়ায় ফিরতে চায় টিম পেইনের দল। অন্য দিকে ইংল্যান্ড অন্তত এই টেস্ট জিতে অ্যাশেজ ড্র করতে চায়। সেই লক্ষ্যে নিয়ে মাঠে নামা ইংল্যান্ড দলীয় ২৭ রানে হারিয়েছিল ওপেনার জো ডেনলিকে (১৪)। প্যাট কামিন্স ফিরিয়ে দেন তাকে।
তবে রোবি বার্নস ও জো রুট দারুণ খেলছিলেন। ৪৭ রান করা বার্নসকে ফিরিয়ে ৭৬ রানের জুটি ভাঙেন হ্যাজলউড। এরপর ২০ রান করা বেন স্টোকসকে ফিরিয়ে দেন মিচেল মার্শ। আর ৫৭ রান করা জো রুটকে ফেরান কামিন্স। তাতে ১৭০ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড।
এরপর চমক দেখান মিচেল মার্শ। পর পর তুলে নেন তিন উইকেট। ফিরিয়ে দেন জনি বেয়ারস্টো (২২), স্যাম কুরান (১৫) ও ক্রিস ওকসকে (২)। তাতে ২০৫ রানে ৭ উইকেটে পরিণত হয় ইংল্যান্ড। ২১ রানের ব্যবধানে জোফরা আর্চারকে ফিরিয়ে দেন হ্যাজলউড।
তবে ছয় নম্বরে নামা বাটলার অবিচল থেকে তুলে ফিফটি। দিন শেষে তিনিই ইংল্যান্ডের আশা হয়ে আছেন। ৬৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন তিনি। জ্যাক লিচ অপরাজিত আছেন ১০ রানে।
মূলত স্কোয়াডে অতিরিক্ত একজন বোলার রাখার চিন্তা থেকেই অলরাউন্ডার মিচেল মার্শকে দলে রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। এই টেস্টেই প্রথম সুযোগ পেলেন। আর সুযোগ পেয়েই নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও জস হ্যাজলউড।