‘হাফসেঞ্চুরি’র সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

বাংলাদেশ ও জিম্বাবুয়ে মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে দুটি উইকেট পেলেই দারুণ একটি কীর্তি গড়বেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট নেওয়ায় ‘হাফসেঞ্চুরি’ হবে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে মোস্তাফিজ নিয়েছেন ৪৮টি উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে ২টি উইকেট পেলে এই ফরম্যাটের ইতিহাসে ২৭তম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন ‘কাটার মাস্টার’। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এর আগে একমাত্র সাকিব আল হাসানই টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেন।

দুটি উইকেট পেলে দ্বিতীয় দ্রুততম হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট লাভ করবেন মোস্তাফিজ। আর বাংলাদেশের হয়ে দ্রুততম সময়ে ৫০ উইকেট নেওয়া হবে তার।

টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ২৬ ম্যাচ খেলে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডটি শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের। ৩১ ম্যাচ করে খেলে ৫০ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও আফগানিস্তানের রশিদ খান। আর ৪২ ম্যাচ খেলে উইকেটের অর্ধশতক পূর্ণ করেছিলেন সাকিব।