বৃষ্টিভেজা সকালে শুরু জয়া-প্রসেনজিতের শুটিং

আত্মানুসন্ধানের গল্প নিয়ে কলকাতার অতনু ঘোষ নির্মাণ করছেন ‘রবিবার’। ছবিতে অসীমাভের চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর সায়নীর ভূমিকায় জয়া আহসান।

বৃহস্পতিবার বৃষ্টিভেজা সকালে ছবিটির শুটিং শুরু হয় দক্ষিণ কলকাতার এক পুরোনো বাড়িতে।

এক-একটা দিন জীবনে আসে ঝড়ের মতো এবং অনেক কিছু ওলটপালট করে দিয়ে যায়। হইহই আনন্দে শুরু হওয়া এক রবিবারের মানে ধীরে ধীরে পাল্টে যায় অসীমাভ আর সায়নীর কাছে। পনেরো বছর পরে দেখা হয় দুজনের। সংকটের মুহূর্তে মুখোমুখি হয় তারা এবং বাকি দিনটা পুরোটাই কাটে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে। এমন গল্প ‘রবিবার’-এর।

তাদের ভালোবাসা অনেক দিনের, যা শেষ হয়েছিল ক্ষতবিক্ষতভাবে। ফিরে যাওয়ার রাস্তাও পুরোপুরি বন্ধ। তাই ‘রবিবার’-এ ফ্ল্যাশব্যাকের অবতারণা থাকছে না সেভাবে। বরং একটা রবিবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটনার আকস্মিকতায় কীভাবে কাটিয়ে দেয় দুই সাবেক, তা নিয়েই এগোবে কাহিনি।

এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন প্রসেনজিৎ ও জয়া। অতনুর কলকাতা ট্রিলজির প্রতিটি ছবিই বহু কাঙ্ক্ষিত জুটিকে সামনে এনেছে বারবার। যেমন ‘ময়ূরাক্ষী’তে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ এবং ‘বিনিসুতো’য় ঋত্বিক চক্রবর্তী-জয়া আহসান।

এ নিয়ে আনন্দবাজার পত্রিকাকে অতনু বলেন, ‘‘এই ছবিটা প্রসেনজিৎ-জয়াকে মাথায় রেখেই লেখা। এখনো পর্যন্ত এত জটিল মনস্তত্ত্বের চরিত্র কখনো লিখিনি। সেই জন্যই এই দুই তুখোড় অভিনেতাকে নেওয়া।’’

প্রসেনজিৎ জানান, ‘ময়ূরাক্ষী’র পর আবারও এই পরিচালকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। তিনি বলেন, ‘‘এত দিনে সেই সুযোগটা হলো। এই চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছিলাম। অতনু এমন একজন পরিচালক, যার সঙ্গে কাজ করার জন্য যে কোনো অভিনেতাই উৎসুক হয়ে থাকে। চেনা ছকের বাইরে, একদম অন্য রকমভাবে গল্প বলতে জানেও। অসীমাভের মতো চরিত্র সচরাচর কেউ ভাবেন না। তাই এটা একটা চ্যালেঞ্জও বটে।’’

 জানা গেছে, টানা কাজের মধ্য দিয়ে শেষ হবে ‘রবিবার’।