অর্থনীতির ধস ঠেকাতে মোদিকে মনমোহনের ৫ পরামর্শ

কয়েক দিন আগে বলেছিলেন মোদি সরকারের ‘চূড়ান্ত অব্যবস্থাপনার’ কারণে ভারতীয় অর্থনীতিতে ধস শুরু হয়েছে। এবার সেই মনমোহন সিং পাঁচটি পরামর্শ দিয়েছেন সমস্যা কাটাতে।

বৃহস্পতিবার ‘দৈনিক ভাস্কর’ এবং ‘হিন্দু বিজনেস লাইন’-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই, ভারত অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। ইতিমধ্যে যথেষ্ট সময় নষ্ট হয়েছে। সরকারের উচিত পরিকাঠামোগত সংস্কার করে পরের প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।’

তার পাঁচটি পরামর্শ এমন:

১) সাময়িকভাবে রাজস্ব আদায় কম হলেও জিএসটিকে আরও বাস্তবমুখী করতে হবে।

২) গ্রামীণ উপভোক্তাদের পরিধি বাড়ানো ছাড়াও কৃষিক্ষেত্র চাঙা করা। মনমোহনের পরামর্শ, এ বিষয়ে মোদি সরকার কংগ্রেসের ইশতেহার দেখতে পারে, যেখানে কৃষিক্ষেত্রকে চাঙা করার উপায় বলে দেওয়া হয়েছে।

৩) বাজারে নগদ জোগান কীভাবে আরও বাড়ানো যায়, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।

৪) বস্ত্রশিল্প, গাড়িশিল্প, ইলেকট্রনিকস এবং আবাসন ক্ষেত্রের পুনরুজ্জীবন করা দরকার। এসব ক্ষেত্রে ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ঋণ নিতে পারেন, সে দিকেও খেয়াল রাখতে হবে।

৫) আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর ভারতও অসুবিধায় পড়েছে। ফলে ভারতের উচিত আমদানির নয়া ক্ষেত্র খুঁজে বের করা।

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় এপ্রিল থেকে জুন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে মার্চে ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৮ শতাংশ। এই চিত্র নিয়ে চিন্তায় দেশটি।

মনমোহন প্রধানমন্ত্রীর পাশাপাশি একসময় ভারতের অর্থমন্ত্রীও ছিলেন। তিনি নামকরা একজন অর্থনীতিবিদও। ১৯৯১ সালে নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী থাকাকালীন অর্থনৈতিক সংস্কার করে প্রশংসিত হন।