হোয়াইট হাউজে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার নেতানিয়াহুর

হোয়াইট হাউজের ওপর ইসরায়েলের গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পলিটিকোর এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাবেক তিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, হোয়াইট হাউজের কাছে যে গোয়েন্দা সরঞ্জাম পাওয়া গেছে, সেগুলোর নেপথ্যে ইসরায়েল থাকতে পারে।

পলিটিকোর এ খবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা অভিযান পরিচালনা না করতে ইসরায়েলি সরকারের স্পষ্ট নির্দেশনা ও দীর্ঘদিনের প্রতিশ্রুতি রয়েছে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাংবাদিকরা এ খবরের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার পক্ষে এটা বিশ্বাস করা মুশকিল। ইসরায়েলের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমি খবরটি বিশ্বাস করি না। যেকোনো কিছুই সম্ভব, কিন্তু আমি তা বিশ্বাস করি না।