বঙ্গবন্ধুই সর্বপ্রথম বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড.
শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ আজ একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছে।’
গতকাল শুক্রবার দিনাজপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এম আবদুর রহিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দিনাজপুরের মতো ঐতিহ্যবাহী জায়গায় আসতে পেরে আমারও ভালো লাগছে। এম আবদুর রহিম নিজের মেধাকে কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে স্থান করে নিয়েছিলেন। যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেন তারা আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন এম আবদুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু। স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রয়াত এম আবদুর রহিমের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।