আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যা ৭টায় এ সভায় রাজনৈতিক-সাংগঠনিক ও সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা দেশ রূপান্তরকে বলেন, কার্যনির্বাহী সংসদের এই সভায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ হতে পারে। তারা বলেন, যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি বড় ফোরাম। মুজিব বর্ষ দিবস উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ সভায়। এ ছাড়া জেলহত্যা দিবসের কর্মসূচি ও এই মাসেই শেখ হাসিনার জন্মদিন। তা নিয়ে আলোচনা হবে সভায়।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।