আছাদুজ্জামান মিয়ার বিদায়

ডিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বিদায় নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। একই সময় নতুন কমিশনার হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন মোহা. শফিকুল ইসলাম। নতুন কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, থানার ওসিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্ববৃহৎ ইউনিটের বিদায়ী কমিশনারকে বিদায় ও নতুন কমিশনারকে বরণ করে নিতে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে ডিএমপির সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ী কমিশনার নতুন কমিশনারের হাতে ডিএমপির ঐতিহ্যবাহী ছড়ি তুলে দেন। একই সঙ্গে বিদায়ী কমিশনারকে বিদায়ী সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে বিদায় জানান নতুন কমিশনার। এ সময় তারা দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষর করেন। পুলিশের রীতি অনুযায়ী, সন্ধ্যায় ডিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে গাড়ির ইঞ্জিন বন্ধ করে ভেতরে বসে ছিলেন বিদায়ী পুলিশ কমিশনার। গাড়ির সঙ্গে বাঁধা লম্বা রশি (দড়ি)। নতুন পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ ডিএমপির পদস্থ সব কর্মকর্তা, সব থানার ওসি সেই রশি ধরে গাড়ি টেনে নিয়ে যান ডিএমপি হেডকোয়ার্টার্সের প্রধান ফটক পর্যন্ত। দুদিক থেকে তখন বর্ষিত হচ্ছিল ফুলের বৃষ্টি।