শুধু ছাত্রদলে নয়, তৃণমূলের কাউন্সিলেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, ‘আদালত কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক দলের পুনর্গঠনে বাধা দেওয়া হচ্ছে।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তির দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে বাংলাদেশে কোনো রাজনীতি নেই। বিএনপিকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। যা হচ্ছে তা শুধু একতরফা। বিএনপিকে সুসংগঠিত করতে বিভিন্ন পর্যায়ে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও তৃণমূলের কাউন্সিলে বাধা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, সরকার মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। রাজভাণ্ডার শূন্য বলেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বিশে^র বিভিন্ন দেশে যে মহাসড়ক আছে সেখানেও টোল আদায়ের সিস্টেম আছে। কিন্তু সেখানে বিভিন্ন কোম্পানি টোল আদায় করে।