শাহজালালে সোনার বার ও মোবাইল ফোনসহ দুই যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার পৃথক দুটি ফ্লাইটে আসা দুই যাত্রীর কাছ থেকে ছয়টি সোনার বার ও ২০টি মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনাসহ আটক যাত্রীকে বিমানবন্দর পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা সোনার বার ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ঢাকা কাস্টম হাউজের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিভিন্ন স্থানে অবস্থান নেয় কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। গতকাল সকাল সাড়ে ১০টায় ওমানের রাজধানী মাসকাট থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস-৩২২) একটি ফ্লাইটের যাত্রী মো. মোতালেব হোসেন গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে চ্যালেঞ্জ ও তল্লাশি করেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা। তল্লাশিকালে তার পরনে থাকা স্যান্ডেলের মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ছয়টি সোনার বার পাওয়া যায়। সেগুলোর ওজন ৬৯৮ গ্রাম।

বেলা ৩টার দিকে কলকাতা থেকে আসা স্পাইস জেটের (এসজি-৭৬) একটি ফ্লাইটের যাত্রী মো. সিরাজুল ইসলামের লাগেজ তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়।