৪ অক্টোবর সারা দেশে মুক্তি পাবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে নবাগত নায়িকা রোদেলা জান্নাতকে। সিনেমা মুক্তির আগেই এই জুটির দেখা মিলল। শুধু তাই নয়, তাদের দেখা গেল রোমান্স করতেও।
শুক্রবার সন্ধ্যায় লাইফ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিনেমাটির ‘তুই আমি চল’ শিরোনামের একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও আনিশা। গানটি লিখেছেন স্নেহাশিস ঘোষ। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, নতুন নায়িকার সঙ্গে বেশ জমেছে শাকিব খানের রোমান্স। এই গানে রোদেলার লুকের প্রশংসা করছেন অনেকেই। গানটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এক লাখের বেশিবার দেখা হয়েছে।
শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ মুক্তির আগেই অন্যান্য গান ও ট্রেলার দিয়ে আলোচনায় এসেছে। এর আগেও ছবিটির মুক্তির তারিখ কয়েকবার পরিবর্তন হয়ে হয়েছে।
ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। এছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।