এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে নিজেদের চতুর্থ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। শনিবার শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে ০-৬ গোলে হারে রিতু খানমরা।
এদিন সেংক্যাং স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ফিল্ড গোলে উজবেকিস্তানকে এগিয়ে দেন জুলফিয়াখন খাসানবোয়েভা। ১৫ মিনিটে খাসানবোয়েভার দ্বিতীয় গোল ০-২ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
১৭ মিনিটে সাবিনা আদিজোভার পেনাল্টি কর্নারে ব্যবধান ৩-০ করেন। ৩০ ও ৪৫ মিনিটে গুরলুখ রামাজোনোভার জোড়া ফিল্ড গোলে ০-৫ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। উজবেকদের পক্ষে শেষ গোলটি করেন শাখরিজোদা।
এই আসর দিয়েই মেয়েদের আন্তর্জাতিক হকিতে পা রেখেছে বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ০-৩ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নেয় ঐতিহাসিক জয়। ২-০ গোলের জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে চীনের বিপক্ষে লড়াই করে হারে ০-১ গোলের ব্যবধানে।
রবিবার আসরে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।