স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা মহানগরীর খাল ও লেক বিভিন্ন সময়ে দখল হয়েছে। আর যেগুলো দখলমুক্ত আছে তাও নানাভাবে দূষণ হয়েছে। তাই এসব খাল ও লেক দখল-দূষণমুক্ত করে হাতিরঝিলের মতো ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে।’
তিনি বলেন, ‘এ ব্যবস্থা চালু হলে নাগরিকের সময় ও অর্থ খরচ কমে আসবে। একই সঙ্গে সড়কে যানবাহনের চাপ কমবে।’
শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সঙ্গে বিল কালেকশনের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলো হলো– ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।