সময় এখন বিভেদ ভুলে এগিয়ে চলার : জি এম কাদের

সকল বিভেদ ভুলে দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, ‘জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশ ও মানুষের সকল ইস্যুতে আমরা রাজনীতির মাঠে থাকব। তাই দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সুসংহত করতে হবে পার্টিকে। সকল বিভেদ ভুলে সামনে এগিয়ে চলার সময় এখন।’

শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘রংপুর-৩ আসন জাতীয় পার্টির। ১৯৯৬ সালের পর থেকে এই আসনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন করেছেন। এই আসনে জোটগতভাবে নির্বাচন করেছি আমরা। বিভিন্ন আসনে আওয়ামী লীগকে আমরা সমর্থন দিয়েছি, আশা করছি এই আসনে সরকারও আমাদের সমর্থন দেবে। রংপুর-৩ আসনে সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে লাঙ্গল প্রতীকে ভোট দেবেন।’

ঢাকা সাংগঠনিক কমিটির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, সৈয়দ আব্দুল মান্নান, অ্যাডভোকেট সালমা ইসলাম, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মাহাবুবুল আলম দুলাল জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।