বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন।

গতকাল শনিবার প্রথম কর্মদিবসে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে কমিশনার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে সই করেন। এরপর তিনি রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান দেশ রূপান্তরকে জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর ডিএমপি কমিশনার রাজারবাগ আসেন। এখানে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে শহীদ হওয়া বাঙালি পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, মীর রেজাউল আলম, কৃষ্ণপদ রায়, মফিজ উদ্দিন আহম্মেদ, আবদুল বাতেন, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, মোসলেহ উদ্দিন আহম্মেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস আমিন, ইমাম হোসেন, মাহবুব আলম, মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।