গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার হাই-টেক পার্ক ও মাইওয়ান ইলেকট্রনিকসের কারখানায় অগ্নিকাণ্ডে এলইডি টিভি, ফ্রিজ ছাড়াও এসব সামগ্রী তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার চেয়ারম্যান এম এ রাজ্জাক খান।
তিনি বলেছেন, ‘ভবন নির্মাণ বিধি ও ফায়ার সার্ভিসের সব নিয়ম মেনে কারখানাটি করা হয়। আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনাও ছিল। কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে নিজস্ব ফায়ার ইউনিট ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’
গতকাল শনিবার সকালে ক্ষতিগ্রস্ত কারখানার সামনে এক ব্রিফিংয়ে রাজ্জাক খান এসব কথা বলেন। এ সময় তিনি গতকাল থেকে কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করেন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে রাজ্জাক খান বলেন, ‘তিল তিল করে গড়ে তোলা এ কারখানায় প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। ময়মনসিংহের ত্রিশালেও আরেকটি কারখানা আছে। সাড়ে ৬ হাজার কর্মকর্তা-কর্মচারীসহ প্রত্যক্ষ-পরোক্ষভাবে প্রায় ২০ হাজার লোক আমাদের সঙ্গে যুক্ত। দুর্ঘটনার কারণে তারা যাতে বঞ্চিত না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, দেশবাসীর হাতে স্বল্পমূল্যে টিভি ও ফ্রিজ দেওয়ার জন্য ২০০৯ সালে কারখানাটি স্থাপন করা হয়। দেশের চাহিদা মিটিয়ে এ কারখানার পণ্য রপ্তানিও করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ভবন পরীক্ষা-নিরীক্ষার জন্য বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের পরামর্শ নেওয়া হবে বলেও জানান রাজ্জাক খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কারখানার পরিচালক (অপারেশন) হাজি গোলাম মোস্তফা খান, পরিচালক (অর্থ) মুজিবুর রহমান, জেনারেল ম্যানেজার প্রকৌশলী মনিরুল হাসান স্বপন প্রমুখ। গত শুক্রবার সকাল ৭টার দিকে কারখানাটির ছয়তলায় আগুন লাগে। জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ছয় ঘণ্টা পর দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।