সুুশাসনের জন্য ১০ দিনের কর্মসূচি ঘোষণা জাসদের

সুশাসনের জন্য দশ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আগামী ২০ থেকে ৩০ সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি। গতকাল শনিবার দলটির এক জরুরি সভা শেষে সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দশ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর সব জেলা সদরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা জাসদের কর্মিসভা, ২৪ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নয়নের দাবিতে জেলা পুলিশ সুপার, স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতে জেলা সিভিল সার্জন এবং ভূমি অফিসের অব্যবস্থাপনা ও দুর্নীতি-হয়রানি বন্ধের দাবিতে জেলা রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি পেশ। ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর সুশাসনের দাবিতে জেলা-উপজেলায় প্রচারপত্র বিলি, ৩০ সেপ্টেম্বর সব উপজেলা সদরে মানববন্ধন এবং সহকারী ভূমি কমিশনারের (এসি ল্যান্ড) কাছে স্মারকলিপি প্রদান।