সরকারের নানামুখী পদেক্ষেপের কারণে দেশে ইলিশের উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
তিনি বলেছেন, ‘ইলিশের উৎপাদন আরও বাড়াতে বঙ্গোসাগরকে নিরাপদ ও দূষণমুক্ত রাখতে হবে। প্রায় ৬০ হাজার জাহাজের কারণে সমুদ্র দূষিত হচ্ছে। এ বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।’
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশন ও ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সহযোগিতায় এ সেমিনারের আয়োজক কোস্ট ট্রাস্ট ও বাংলাদেশ মৎস্য শ্রমিক জোট।
সেমিনারে বক্তারা সাগরে মাছ ধরার দীর্ঘ নিষেধাজ্ঞা এলে প্রান্তিক জেলেদের নগদ অর্থ সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার সুপারিশ করেন। এ বিষয়ে কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মজিবুল হক মনির বলেন, ‘নিষেধাজ্ঞার ফলে ইলিশের উৎপাদন বাড়ছে। কিন্তু মাছ ধরতে না পারা ও বিকল্প আয়েরও সুযোগ না থাকায় প্রান্তিক জেলেরা বিপাকে পড়েন।