পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার বিধাননগরে দলের নারী সম্মেলনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ বলেন, ‘কাশ্মীর শান্ত হয়ে গেলেও পশ্চিমবঙ্গ শান্ত হয়নি। এখানে জেলায় জেলায় প্রতিদিন বিস্ফোরণ হচ্ছে। উগ্রপন্থী কার্যকলাপ চলছে। খুন খারাপি চলছে। রাজ্যের অবস্থা কাশ্মীরের চেয়েও ভয়ংকর।’

ওই একই অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সাফল্য নিয়ে বলতে গিয়ে টেনে আনেন রাজ্যের প্রসঙ্গ। তার বক্তব্য, ৩৭০ বাতিল নিয়ে তৃণমূল খুশি নয়। কারণ, তারা দেশের চিন্তা করছে না, চেয়ারের চিন্তা করছে। একই সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জির কথা উত্থাপন করে কৈলাস ফের জানিয়ে দেন, ‘বাংলায় নাগরিক পঞ্জি হবেই।’

দিলীপের বক্তব্যের সমালোচনা করে তৃণমূল নেতা ফরহাদ হাকিম বলেন, ‘গন্ডগোলটা দিলীপের মাথায়। তার গন্ডগোল ফোবিয়া হয়েছে। বাংলা শান্তই আছে। আর উনি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছেন, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে।’

অন্যদিকে কৈলাসের বক্তব্য সম্পর্কে তার মন্তব্য, ‘বাইরে থেকে এখানে এসে কে কী বললেন, তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে যারা এনআরসি করার চেষ্টা করবে, তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। সেটাই যথেষ্ট।’