চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার বাসভবনে অসুস্থ শিল্পীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
যারা অনুদান পেয়েছেন তারা হলেন, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর’র বোন পলি সায়ন্তনী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই মেকআপ আর্টিস্ট কাজী হারুন, আব্দুর রহমান এবং অভিনেতা মহিউদ্দিন বাহার। তাদের এই অনুদানের বিষয়ে সহায়তা করে শিল্পী ঐক্যজোট। ২০ দিন আগে এই চারজন শিল্পীর চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল শিল্পী ঐক্যজোট।
সংগঠনটির সাধারণ সম্পাদক জিএম সৈকত বলেন, ‘চার শিল্পীকে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের প্রত্যেকের হাতে প্রধানমন্ত্রী নিজে অনুদানের চেক তুলে দেন।’
পলি সায়ন্তনী মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসায় মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। প্রধানমন্ত্রীর এই অনুদান তার উন্নত চিকিৎসায় কিছুটা হলেও সহায়ক হবে।
‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রে মেকআপ আর্টিস্ট থাকলেও কাজী হারুন ‘হৃদয় থেকে হৃদয়’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। বয়সের ভারে আগের মতো চলচ্চিত্রে কাজ করতে পারেন না। তাই বেছে নিয়েছিলেন ভিক্ষাবৃত্তি।
আরেক মেকআপ আর্টিস্ট আবদুর রহমান ‘মনের মানুষ’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তিনি এতটাই অসুস্থ যে চোখে দেখতে পান না, কানেও শোনেন না। অন্যদিকে, অভিনেতা মহিউদ্দিন বাহার দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে আছেন।