প্রকৃতির সঙ্গে নিবিড় সখ্য ছিল বলে অনেকে তাকে ভালোবেসে ডাকতেন বৃক্ষ আচার্য। কেউ বা ডাকেন বৃক্ষপুত্র। প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার আদর্শে অনুপ্রাণিত অসংখ্য তরুণ এখন কাজ করছে প্রকৃতি সংরক্ষণে। গতকাল রবিবার সন্ধ্যায় দ্বিজেন শর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তরুপল্লব আয়োজন করে স্মরণানুষ্ঠান।
এই আয়োজনে দ্বিজেন শর্মাকে স্মরণ করে অতিথিরা বলেন, প্রকৃতি ও নিসর্গবিষয়ক লেখালেখির পথিকৃৎ দ্বিজেন শর্মা। প্রকৃতি, সাহিত্য এবং বিজ্ঞানের চর্চায় তিনি আমাদের হৃদয়ে সব সময় থাকবেন। দ্বিজেন শর্মা কয়েক প্রজন্মের মাঝে প্রকৃতি ও বিজ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তার আদর্শে উজ্জীবিত তরুণরাই প্রকৃতি সংরক্ষণ আন্দোলনে আগামী দিনের নেতৃত্ব দেবে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লোকগবেষক শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, প্রকৃতি বিশারদ ড. ইশতিয়াক উদ্দীন আহমদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুপল্লব-এর সাধারণ সম্পাদক মোকারম হোসেন।
অনুষ্ঠানে ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার’ দেওয়া হয়। হারিয়ে যাওয়া বিপন্ন প্রজাপতিকে খুঁজে বের করে তার পুনরুজ্জীবনে গবেষণার অবদান হিসেবে এবার এ পুরস্কার পান জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে মনোয়ার হোসেনকে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, ক্রেস্ট, সনদপত্র তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।