মতবিনিময় সভায় তাজুল

যথাযথ সেবা পেলে মানুষ কর দিতে উৎসাহিত হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, যথাযথ সেবা দিতে পারলে জনগণ কর দিতে উৎসাহিত হবে। এর মাধ্যমেই দেশ উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। তাই সেবার মান বৃদ্ধি করতে পৌর মেয়রগণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

গতকাল রবিবার সকালে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে পৌরসভার মেয়রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উন্নত বিশে^ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী। তারা নিজেদের করের টাকায় ব্যয় নির্বাহ করে। কেন্দ্রীয় সরকার থেকে খুব কম ভর্তুকি দেওয়া লাগে। কিন্তু বাংলাদেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এখনো সে পর্যায়ে যেতে পারেনি। কাজেই মানুষকে কর ও ভ্যাটের উপকারিতা সম্পর্কে বোঝাতে হবে। তিনি বলেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত সমস্যা আছে। এসব প্রতিকূলতা দূর করতে চাই বলেই আমরা জনপ্রতিনিধি হয়েছি।