‘ভূত’ তাড়ানোর মিছিল

সেই ৩৪ ছাত্রলীগ নেতার ভর্তি বাতিলের দাবি ভিপি নুরের

নিয়মবহির্ভূতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়া সেই ৩৪ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব বাতিলের আবেদন করা হয়েছে। গতকাল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে এ আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ডাকসুর কোষাধ্যক্ষ ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের অপসারণও দাবি করেন।

গত ৮ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ডাকসু নির্বাচনে অংশ নিতে ছাত্রলীগের ৩৪ সাবেক ও বর্তমান নেতা ছাত্রত্ব টিকিয়ে রাখতে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তি হন। তফসিল ঘোষণার পর ছাত্রলীগ নেতারা উপাচার্যের সই করা চিরকুট ও অনুষদের ডিনের সহায়তায় নিয়মবহির্ভূত উপায়ে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়াই ভর্তি হন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের ৩৪ নেতার ভর্তি প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি বলে দাবি করেন ডিন।

ভিসি-ডিনের পদত্যাগের দাবিতে ‘ভূত’ তাড়ানোর মিছিল : নিয়ম পরিপন্থি ছাত্রলীগের ৩৪ নেতাকে ভর্তির অভিযোগে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ও ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের দুর্নীতির ‘ভূত তাড়াতে’ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে তারা এ মিছিল করেন। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অভিনব পন্থায় ‘ভূত তাড়ানো’ মহড়াও দেন শিক্ষার্থীরা।