রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রাজবাড়ীর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ৩টার দিকে উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুর রহিম (৩৮)।

পুলিশের দাবি, নিহত রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলা রয়েছে। তিনি জেলা সদরের শহিদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের বাসিন্দা।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আট মামলার আসামি রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় রহিম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে হামলা ও গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আবদুর রহিম গুলিবিদ্ধ হন।

পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।