কৃষকের ঋণের টাকা আত্মসাতের অভিযোগে যুবলীগ নেতা আটক

বান্দরবানে কৃষকের ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেপ্তার হয়েছেন যুবলীগের নেতা ক্যচিংঅং মারমা।

সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্যচিং অং বান্দরবান সদর উপজেলা যুবলীগের সভাপতি। তিনি সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমী ডলু পাড়ার বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর উপসহকারি পরিচালক মুহাম্মদ  জাফর সাদেক শিবলী জানান, ২০১১ সালে স্থানীয় বিভিন্ন কৃষকের ছবি ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অগ্রণী ব্যাংক বান্দরবান শাখা থেকে ২৮ লাখ ৯০ হাজার টাকা ঋণ উত্তোলন করা হয়। এর মধ্যে ১ লাখ ২০ হাজার টাকা প্রকৃত কৃষকদের দিয়ে বাকি টাকা আত্মসাত করে একটি চক্র।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পর বিষয়টি নিয়ে তদন্তে নামে দুদক। এর মধ্যে অগ্রণী ব্যাংক বান্দরবান শাখার সাবেক ব্যবস্থাপক নিবারণ তঞ্চঙ্গ্যাকে গত ২১ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত অন্যরা হলেন, ব্যাংকের সাবেক মাঠকর্মী জ্ঞান চাকমা, জ্যোতিষ কুমার খীসা ও হীরেন্দ্রলাল চাকমা।

আসামীর আইনজীবী মো. খলিল জানান, গ্রেপ্তার ক্যচিংঅং মারমাকে আদালতে নেওয়া হলে জেলা জজ মো. ইসমাইল তাকে কারাগারে প্রেরণ করেন।