নির্বাচনে মৌসুমীর সঙ্গী ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, পপি, সাইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে আবারও সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রাঙ্গন। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।

মৌসুমী বলেন, ‘চলচ্চিত্র আমার পরিবার। এর সঙ্গে আমার সম্পর্ক আত্মার। তাদের জন্য সমসময় কাজ করে যেতে চেয়েছি। তাই এবার সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তফসিল ঘোষণার পর সবকিছু জানাতে চাই।’

মৌসুমীর এ ঘোষণা শিল্পী সমিতির ইতিহাসে নতুন রেকর্ড গড়ল। কারণ এর আগে কোনো নারী অভিনয়শিল্পী সভাপতি প্রার্থী হননি।

এদিকে মৌসুমীর প্যানেলে সঙ্গী হতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস, রিয়াজ, অমিত হাসান, পপি, পূর্ণিমা ও সাইমন সাদিক। নির্বাচনে মৌসুমীর প্যানেলে সাধারণ সম্পাদক কে হবেন তা জানা যায়নি।

অপরদিকে অন্য প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জায়েদ থাকবেন।

গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি।

বর্তমান সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, এ মাসেই তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে আগামী অক্টোবর মাসে।