আফগানিস্তানে চলমান যুদ্ধে আগস্টে প্রতিদিন গড়ে খরচ হয়েছে ৭৪টি প্রাণ। এর মধ্যে নারী, পুরুষ ও শিশু কেউ বাদ যায়নি। বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য বের হয়ে এসেছে।
১৮ বছর ধরে চলমান এই যুদ্ধ থেকে যখন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারে আগ্রহ দেখিয়েছে, তখনই সহিংসতা বেড়ে গেছে।
গত মাসে দেশটিতে ৬১১টি ঘটনায় নিহত হয়েছে ২ হাজার ৩০৭ জন। আহত হয়েছে আরও ১ হাজার ৯৪৮ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে যোদ্ধা। এর মধ্যে তালিবানের সংখ্যা বেশি। তবে প্রতি পাঁচজনের একজন সাধারণ মানুষ।
তবে বিবিসির তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তালিবান ও আফগান সরকার উভয়ই।
আগস্টের প্রথম সপ্তাহে সহিংসতার পর ঈদুল আজহা উপলক্ষে তালিবান ও সরকার উভয়ই অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিতে রাজি হয়। কিন্তু বিবিসি জানাচ্ছে, এই ছুটির দিনেই ১০ থেকে ১৩ আগস্টের মধ্যে ৯০ জন মানুষ সহিংসতায় মারা গেছে।
সবচেয়ে বেশি নিহত হয় ২৭ আগস্ট। এই দিন তালিবান যোদ্ধাদের হামলায় ১৬২ জন নিহত হয়। আহত হয় আরও ৪৭ জন।
তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভয়াবহ দিন ছিল ১৮ আগস্ট। ওই দিন ১১২ জন নিহত হয়। এর মধ্যে কাবুলের একটি বিয়ের অনুষ্ঠানেই আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় ৯২ জন, আহত হয় ১৪২ জন।
এদিকে সপ্তাহ দুয়েক আগে বাতিল হয়েছে এক বছর ধরে চলা তালিবান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। ডোনাল্ড ট্রাম্প আলোচনায় ফিরেও আসতে অস্বীকৃতি জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, প্রতিদিন শত মানুষের জীবন কেড়ে নেওয়া এই পরিস্থিতি আর অবনতি হতে পারে। কারণ সামনেই রয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন।