মোহনগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৪০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার সুয়াইর ইউনিয়নের করাচাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে অভিযুক্ত খাইরুল ইসলাম ওরফে হাইরুলকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী বলেন, গত শনিবার গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে হাইরুল গভীর রাতে তার বসতঘরে ঢুকে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় চাকু দেখিয়ে মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে হাইরুল পালিয়ে যায়।

ওসি জানান, শনিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করার পর ওই রাতেই অভিযান চালিয়ে হাইরুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাইরুল ধর্ষণের কথা স্বীকার করেছেন। মঙ্গলবার দুপুরে গৃবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।