ছাত্রদলের কমিটির বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে কাউন্সিলররা। এখন কমিটি গঠন নিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে নয়াপল্টনে কাউন্সিলরদের বৈঠকে কমিটি গঠনের বিষয়ে তারেক রহমানের ওপর দায়িত্ব অর্পণ করা হয়। এসময় লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত ছিলেন তিনি।
কাউন্সিলররা তারেক রহমানকে বলেন, কমিটি গঠনের বিষয়ে আপনার ওপর দায়িত্ব অর্পণ করছে কাউন্সিলররা। কমিটির বিষয়ে যেটা ভালো হয়, আপনি সে সিদ্ধান্ত নেবেন।
আদালতের নিষেধাজ্ঞায় আটকে যাওয়া ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে ছিল বিস্তর আলোচনা। কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার দুটি পন্থা ছিল। এর একটি হলো- বিলুপ্ত কমিটি আবার সক্রিয় করা আর দ্বিতীয়টি হলো- সারা দেশের কাউন্সিলররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।
বিলুপ্ত কমিটির সহসভাপতি ইখতিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, কাউন্সিল অনুষ্ঠানে দুটি পথ খোলা ছিল। এখন কাউন্সিলররা বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের ওপর অর্পণ করেছে।
ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হওয়ার কথা ছিল গত শনিবার। কিন্তু বিলুপ্ত কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. আমানউল্লাহ গত বৃহস্পতিবার মামলা করলে এতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। এতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়ে যায়।