ঈশ্বরদীতে অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারিচালিত অটোবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম বাবু মল্লিক (২৮) নামের এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার ভাড়ইমারী উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বাবু ওই এলাকার কানু মল্লিকের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বাবু তার ব্যাটারিচালিত অটোবাইক নিজ বাড়িতে সোমবার দিবাগত রাতে চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে সেই চার্জারের লাইন খুলতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে হাত জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে বাবু মল্লিকের।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম বাবু মল্লিকের মৃত্যু হওয়ায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।