দলিত হওয়ায় নিজ আসনের গ্রামে ঢুকতে পারলেন না বিজেপি এমপি

ভারতে উঁচু বর্ণের লোকদের হাতে নিচু বর্ণের দলিতদের নিগৃহীত হওয়ার ঘটনা নতুন নয়। এবার তার শিকার হলেন খোদ ক্ষমতাসীন বিজেপির এক লোকসভা সদস্য।

টাইমস অব ইন্ডিয়া জানায়, দলিত সম্প্রদায়ের লোক হওয়ায় নিজের নির্বাচনী এলাকার একটি গ্রামে ঢুকতে দেওয়া হয়নি বিজেপি সাংসদ এ নারায়ণস্বামীকে।

কর্ণাটকের চিত্রদুর্গা লোকসভা কেন্দ্রের গোল্লারাহাট্টি গ্রামে উঁচু বর্ণের যাদব সম্প্রদায়ের বসবাস। তাই গ্রামটি নিচু জাতের কারওর প্রবেশ নিষেধ। এ জন্য সেখানে ঢুকতে দেওয়া হয়নি খোদ সাংসদকেও।

করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রকল্পের আওতায় গোল্লাবাটি গ্রামে গৃহহীনদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রকল্প উদ্বোধন করতে সেখানে যান এ নারায়ণস্বামী। কিন্তু গ্রামের বাইরেই তাকে আটকে দেন স্থানীয় বাসিন্দারা।

এমনকি তিনি যে গ্রামের উন্নয়নের জন্যই সেখানে এসেছেন, সে কথাও মানতে নারাজ তারা। পরবর্তীতে গ্রামের বাইরেই তার বসার ব্যবস্থা করে দেওয়া হয়।

যদিও কয়েকজন গ্রামবাসী তাকে গ্রামে প্রবেশ করার অনুরোধ করেন। কিন্তু তা ফিরিয়ে দেন সাংসদ।

নারায়ণস্বামীর ভাষ্য, তিনি জোর করে গ্রামে ঢুকলে পরবর্তীতে এ নিয়ে অশান্তি হতে পারে। তিনি মানসিকতা বদলানোর চেষ্টা করবেন, কিন্তু জোর করে সেখানে ঢুকবেন না।