২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও ছিলেন না তৌহিদুল আলম সবুজ। তবে কাতার ও ভারতের বিপক্ষে হতে যাওয়া পরবর্তী দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে ঠাঁই হয়েছে এই অভিজ্ঞ মিডফিল্ডারের।
মঙ্গলবার কাতার ও ভারত ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফগান ম্যাচের চূড়ান্ত দলে থাকা সবাই রয়েছেন এই দলে।
আফগান ম্যাচের ২৩ সদস্যের দলের সঙ্গে চতুর্থ গোলরক্ষক হিসেবে ডাক পেয়েছেন মোহমেডানের পাপ্পু আহমেদ। যিনি আফগান ম্যাচের প্রাথমিক দলেও ছিলেন না। ডিফেন্ডার মনজুর রহমান মানিক প্রাথমিক দলে থাকলেও আফগান ম্যাচের চূড়ান্ত দলে ছিলেন না। তাকে আবার ডাকা হয়েছে প্রাথমিক দলে।
আফগান ম্যাচের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন দুজন। তারা হলেন- গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল ও ডিফেন্ডার নুরুল নাঈম ফয়সাল।
১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা। ১৫ অক্টোবর কলকাতায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ০-১ গোলে হারে বাংলাদেশ।
২৬ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান ও পাপ্পু আহমেদ।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, মনজুরুর রহমান।
মাঝমাঠ: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ।
আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদউদ্দীন ও জুয়েল রানা।